নড়াইল সদরের বাহির গ্রামে তানিয়া বেগম (২৮) নামে এক গৃহবধূর ওপর এসিড নিক্ষেপের অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার (১৭ আগস্ট) রাতে পাওনা টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে একই গ্রামের জুয়েল ও অহিদুর নামে দুই যুবকে বিরুদ্ধে এসিড নিক্ষেপের এ অভিযোগ উঠেছে।
নড়াইল সদর থানা ও পারিবারিক সূত্রে জানা যায়, এক বছর আগে বাহির গ্রামের মৃত মোস্তফার ছেলে তার প্রতিবেশী তানিয়া বেগমের কাছ থেকে ধানের বিছালির (খড়) ব্যবসা করার জন্য ১৫ লাখ টাকা ধার নেন। তনিয়া বেগম তার পাওনা টাকা ফেরত চাইলে জুয়েল বিভিন্ন সময় তাকে হত্যার হুমকি দিয়ে আসছিলেন। হুমকির কারণে নিরাপত্তার অভাবে তানিয়া ১৩ আগস্ট নড়াইল সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন এবং যশোর শংকর পাশায় তার স্বামী মাসুদ হাসানের বাড়িতে চলে যান। গ্রাম্যভাবে মিমাংসার কথা বললে সোমবার তানিয়া তার বাবার বাড়িতে আসে। ওইদিন রাতে সাধারণ ডায়েরির কপি দেখানোর জন্য তানিয়া তার বাবার বাড়ি থেকে পাশে চাচার বাড়িতে যাওয়ার সময় জুয়েল ও তার সহযোগী অহিদুর তানিয়ার ওপর এসিড নিক্ষেপ করে পালিয়ে যান।
তানিয়ার পিঠসহ শরীরের বিভিন্ন স্থান পুড়ে গেছে। প্রথমে তাকে চিকিৎসার জন্য নড়াইল সদর হাসপাতালে আনা হলেও পরে অবস্থার অবনতি হওয়ায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়।
নড়াইল থানার উপপরিদর্শক (এসআই) মো. শফি উদ্দিন জানান, এসিড বা কোন দাহ্য পদার্থে তানিয়ার শরীর পুড়ে গেছে। এ ঘটনায় অভিযুক্ত এসিড নিক্ষেপকারীরা পলাতক রয়েছেন।
এ ঘটনায় মামলার দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।










