ঝালকাঠির রাজাপুরে এসির বিষাক্ত গ্যাসে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন মো. ফোরকান হাওলাদার (৫৫)
ও তার স্ত্রী মাহিনুর বেগম
(৪৫)। এ ঘটনায় নিহতের ছেলেসহ আরো তিনজন অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থরা হলেন নিহত ফোরকানের ছেলে মাঈনুল, ভাইয়ের বউ মাহফুজা আক্তার ও ভাইয়ের মেয়ে সারা মনি। তাদের বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সকালে উপজেলার সাতুরিয়া ইউনিয়নের চান্দের বাড়ি এলকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সাতুরিয়ার আমতলা বাজারের ব্যবসায়ী ফোরকান হাওলাদার জেনারেটর চালিয়ে বাড়ির একটি কক্ষে এসি ছেড়ে স্ত্রী মাহিনুর বেগম, ছেলে মাইনুল ইসলাম, ছোট ভাইয়ের স্ত্রী মাহফুজা বেগম
ও ভাইয়ের মেয়ে সারা মনিকে নিয়ে ঘুমিয়ে পড়েন। সকালে এসিতে বিকট শব্দ হয়। এরপরই বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে ওই কক্ষে। সেখানে ঘুমিয়ে থাকা পাঁচজনই অসুস্থ হয়ে পড়েন। তাদের কোনো সাড়া শব্দ না পেয়ে বড় ভাই সেলিম হাওলাদার বেলা ১১টার দিকে গেটের তালা ভেঙে ভেতরে গিয়ে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করেন। এর মধ্যে ব্যবসায়ী ফোরকান হাওলাদার ও তার স্ত্রী মাহিনুর বেগমকে মৃত অবস্থায় পাওয়া যায়। আহতরা অজ্ঞান অবস্থায় ছিল। তাদের উদ্ধার করে প্রথমে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঝালকাঠি জেলা প্রশাসক মো. জোহর আলী বলেন, জেনারেটর দিয়ে এসি চালানোর কারণেই এ দুর্ঘটনা হয়েছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। তবে প্রাথমিকভাবে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।










