আওয়ামী লীগ সরকারের সময়ে কোস্ট গার্ডের মহাপরিচালকের দায়িত্ব পাওয়া রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলীকে সরিয়ে রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হককে সেই দায়িত্ব দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। আর রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলীকে নৌবাহিনীতে ফিরিয়ে নেয়া হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) কোস্ট গার্ড সদর দফতরে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ন্যাশনাল ডিফেন্স কলেজের ফ্যাকাল্টি সদস্য জিয়াউল হক বাংলাদেশ কোস্টগার্ডের পঞ্চদশ মহাপরিচালক (ডিজি)। নৌবাহিনীর এ কর্মকর্তাকে প্রেষণে কোস্টগার্ডের ডিজি নিয়োগ দিয়ে তার চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের ন্যস্ত করা হয়েছে। চলতি বছরের ৩১ জানুয়ারি থেকে কোস্ট গার্ডের ডিজির দায়িত্ব চালিয়ে আসা রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলীকে নৌবাহিনীতে ফিরিয়ে নেয়া হয়েছে।
রিয়ার এডমিরাল এম জিয়াউল হক তার সুদীর্ঘ ও বর্ণাঢ্য চাকরি জীবনে বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন জাহাজ ও নৌ সদর দপ্তরে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের পাশাপাশি দেশে এবং বিদেশে বিভিন্ন প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। তিনি ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ, মিরপুর, আর্মড ফোর্সেস ওয়ার কোর্স, মিরপুর, আর্মড ফোর্স কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ, সৌদি আরব, বাংলাদেশ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং সেন্টার, সাভার, এবং ন্যাশনাল ডিফেন্স কলেজ, ভারত এ প্রশিক্ষণ গ্রহণ করেন।
এছাড়াও তিনি ভারত হতে এন্টি সাবমেরিন ওয়ারফেয়ার কোর্স ও তুরস্ক থেকে সাবমেরিন ফায়ার কন্ট্রোল কোওর্ডিনেশন কোর্স সম্পন্ন করেন। উল্লেখ্য, তিনি আইভরি কোস্টে শান্তিরক্ষা মিশনে সামরিক পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।










