পঞ্চগড় শহরের প্রাণকেন্দ্র বানিয়াপট্টি এলাকায় কালভার্টের মুখে প্রভাবশালীদের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। গুঁড়িয়ে দেয়া হয়েছে বহুতল ভবনের নির্মাণকাজ। বৃহস্পতিবার এ উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পঞ্চগড় পৌরসভার বানিয়াপাড়া ও রৌশনাবাগের সংযোগস্থলে থাকা কালভার্টের জায়গা দখল করে নেন রফিজউদ্দিন নামে এক প্রভাবশালী। কোটি টাকার সেই জমিতে গড়ছিলেন বহুতল ভবন। স্থানীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযানে নামে উপজেলা প্রশাসন। দখলদার রফিজ প্রথমে বাধা দিলেও পরে পিছু হটতে বাধ্য হন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল হকের নেতৃত্বে তখন ভেঙে ফেলা হয় কালভার্টের মুখে নির্মিতব্য স্থাপনা।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল হক বলেন, স্থানীয়রা এ বিষয়ে পঞ্চগড় জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দিয়েছিলেন। তাত্ক্ষণিক জেলা প্রশাসক বিষয়টিতে হস্তক্ষেপ করতে আমাকে দায়িত্ব দেন। পরে পুলিশ প্রশাসনের সহযোগিতা নিয়ে অবৈধ দখলদার উচ্ছেদে প্রায় কোটি টাকা মূল্যের জমি উদ্ধারে অভিযান পরিচালনা করেছি।