নেত্রকোনার দুর্গাপুরের কেরনখলা গ্রামে কৃষি জমিতে কাজ সময় বজ্রপাতে শফিকুল ইসলাম (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
আজ রোববার সকালে এ ঘটনা ঘটে। শফিকুল ইসলাম ওই গ্রামের আকবর আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, শফিকুল ইসলাম আমন চারা লাগানো জমিতে বৃষ্টির পানি আটকানোর জন্য ভোরে বাড়ি থেকে বের হন। কাজ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান। দীর্ঘক্ষণ বাড়ি না ফেরায় তার বাবা আকবর আলী ধান ক্ষেতে গিয়ে দেখেন ছেলের নিথর দেহ পড়ে রয়েছে। তার চিৎকারে স্থানীয়রা শফিকুলকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্গাপুর থানার ওসি শাহ নুর এ আলম ঘটনার সত্যতা নিশ্চত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।










