ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার পদে নতুন কর্মকর্তার যোগদান না হওয়া পর্যন্ত অতিরিক্ত কমিশনার (সুপারনিউমারারি অতিরিক্ত আইজি) মো. সরওয়ার এ দায়িত্ব পালন করবেন। বৃহস্পতিবার পুলিশ হেডকোয়ার্টার্সের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।
এতে উল্লেখ করা হয়েছে, মো. সরওয়ার ডিএমপি কমিশনার হিসেবে সমস্ত প্রশাসনিক ও কার্যক্রমের দায়িত্ব সাময়িকভাবে পালন করবেন।
গতকাল বুধবার পারিবারিক কারণ দেখিয়ে দায়িত্ব থেকে অব্যাহতির আবেদন করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। এদিন দুপুরে তিনি অব্যাহতিপত্রে স্বাক্ষর করে পুলিশ সদর দপ্তরে পাঠান।
আগামী ২১ নভেম্বর শেখ মো. সাজ্জাত আলীর চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে।










