ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি রাজবাড়ী স্টেশনে এসে ছেড়ে যাওয়ার আগ মুহূর্তে একটি নাট খুলে যাওয়ার ঘটনা ঘটেছে। যে কারণে এক ঘণ্টা বিলম্ব করে ওই নাটটি মেরামত শেষে পুনরায় ট্রেনটি খুলনার উদ্দেশে ছেড়ে যায়। সোমবার (১০ জুন) সকাল সোয়া এগারোটার সময় রাজবাড়ী রেল স্টেশনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে সকাল সাড়ে আটটায় ছেড়ে আসে। সোয়া এগারোটায় স্টেশনে পৌছার কিছুক্ষণ পর ট্রেনের কর্মকর্তারা চেক করার সময় দেখেন পিছনের তিনটি বগির আগের চাকার গুরুত্বপূর্ণ একটি নাট খুলে ক্ষয় হয়ে বসে আছে। চেকিং না করলে এভাবেই ট্রেনটি রওনা দিলে ঘটতে পারত বড় ধরনের দুর্ঘটনা। এতে পিছনে থাকা ওই তিন বগির যাত্রীরা মারাত্মক ক্ষতির সম্মুখীন হতে পারতেন।

রাজবাড়ীর রেলওয়ে স্টেশন মাস্টার তন্ময় কুমার দত্ত জানান, সুন্দরবন এক্সপ্রেন ট্রেনের নাট খুলে ক্ষতিগ্রস্ত হওয়ায় রেল চলাচল এক ঘণ্টা বিলম্ব হয়েছে। নাটটি মেরামত শেষে সোয়া বারোটার সময় ট্রেনটি খুলনার উদ্দেশে ছেড়ে গেছে।