ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে ঝালকাঠিতে বৃষ্টি ও ঝড়ো হাওয়ার পাশাপাশি সুগন্ধা ও বিষখালী নদীতে পানি বৃদ্ধি পেয়েছে। সন্ধ্যা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে আশ্রয়কেন্দ্রে যেতে শুরু করেছেন নদীতীরের বাসিন্দারা। এরই মধ্যে ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়, উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয়, পৌরসভাসহ বিভিন্ন সাইক্লোন শেল্টারে আশ্রয় নিয়েছে ২০ হাজারেরও বেশি মানুষ। জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে। 

তবে এখনো নদীতীরের অনেক মানুষ আশ্রয়কেন্দ্রে যায়নি। শেষ মুহূর্তে তারা আশ্রয়কেন্দ্রে যাবেন বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো. জোহর আলী। 

সোমবার সন্ধ্যার পর থেকে বৃষ্টির পরিমান ও বাতাসের গতি বেড়েছে। এতে আরো আতঙ্ক বাড়ছে এ জেলার বাসিন্দাদের। নদীর পারিতে তলিয়ে গেছে ফসলের ক্ষেত। অনেকের বসতঘরেও পানি ঢুকে পড়েছে। পানি স্থায়ী হলে যেমন ফসলের ক্ষতি হবে, তেমনি পানিবন্দি থাকতে হবে অসংখ্য মানুষকে।