নিখোঁজের আট দিন পর বরিশালে এক ব্যবসায়ীর বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ৩ জনকে আটক করেছে র‌্যাব-৮। আজ শনিবার (৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে এ বিষয়ে নগরীর রুপাতলীর কার্যালয়ে বিস্তারিত জানান র‌্যাব ৮ এর অধিনায়ক লে.কর্নেল মাহমুদুল হাসান।

এক সংবাদ সম্মেলনে তিনি জানান, রুপাতলী এলাকার খালেক সড়কের ব্যবসায়ী শাহীন মোল্লার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয় একই এলাকার মো. ইউসুফ মোল্লার। সম্পর্কের সুত্র ধরে ইউসূফের সদ্য বিবাহিত স্ত্রীকে কুপ্রস্তাব দেয় শাহীন। এতে ক্ষিপ্ত ইউসুফ দুই সহযোগী নিয়ে বন্ধুকে হত্যার পরিকল্পনা করে।

পরিকল্পনা অনুযায়ী, গত ২৭ জানুয়ারি রাত ৯টায় শাহীন মোল্লাকে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে ডেকে নেয় ইউসুফ মোল্লা। এরপর কাঁঠালতলা এলাকায়  একটি বাড়ির চার তলায় শাহীনকে নেয়া হয়। এরপর ইউসূফ, মো. নাজমুল ইসলাম অমি ও হামিম সিকদার গলায় রশি পেচিয়ে হত্যা করে।

পরে শাহীনের লাশ রুমের ফলস ছাদে বস্তাবন্দি করে রেখে দরজা বস্তা দিয়ে আটকে দেয়।

এদিকে শাহীনের নিখোঁজের চার দিন পর গত ৩০ জানুয়ারি তার নিকট আত্মীয় মো.আব্দুল খালেক হাওলাদার কোতয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরদিন শাহীনের বোন শিরিন আক্তার মুন্নি র‌্যাব-৮ বরাবর লিখিত অভিযোগ করেন।

আরো বলা হয়, আসামিরা গত ২ ফেব্রুয়ারি শাহীন মোল্লার পরিবারের কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে বরিশাল র‌্যাব-৮ এর সদস্যরা প্রযুক্তি ব্যবহার করে আসামিদের অবস্থান শনাক্ত করে আটক করে। জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সত্যতা ও লাশ গুমের বিষয়টি স্বীকার করেন।