ঘন কুয়াশায় ৭ ঘণ্টা বন্ধ থাকার পর সকাল ১০টায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। মাঝ নদীতে নোঙর করে থাকা দুটি ফেরি ঘাটে পৌঁছেছে। ঘাটে আটকে পড়া যানবাহনগুলো পারাপার শুরু করেছে।

বিআইডব্লিউটিসি আরিচা সেক্টরের ডিজিএম আবদুস সালাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ঘন কুয়াশায় রাত ৩টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এ সময় মাঝ নদীতে আটকে পড়ে কেরামত আলী, বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ও চিত্রা নামে তিনটি ফেরি। এছাড়া পাটুরিয়া ঘাটে ৪টি ও দৌলতদিয়া ঘাটে ৩টি ফেরি যাত্রী ও যানবাহন বোঝাই করে আটকে রাখা হয়। সকাল ১০টায় ঘন কুয়াশার প্রকোপ কমে যাওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

এদিকে, ফেরি চলাচল শুরু হওয়ায় চারটি ঘাটে পারাপারের অপেক্ষায় আটকে থাকা যানবাহনগুলো পারাপার শুরু করেছে।