জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম বিশ্ববিদালয় ক্যাম্পাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপনের ঘোষণা দিয়েছেন। সম্প্রতি কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে আজ মঙ্গলবার বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ আয়োজিত মানববন্ধনে এ ঘোষণা দেন তিনি।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন ‘বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ’ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে (ডেইরি গেইট) বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করে।
শারীরিক অসুস্থতার কারণে মানবন্ধনে উপস্থিত না হলেও অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য প্রদান করেন উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম। এসময় তিনি বলেন, শিল্প-সংস্কৃতির একটি অন্যতম মাধ্যম ভাস্কর্য। ভাস্কর্য আমাদের ইতিহাস, ঐতিহ্যকে মনে করিয়ে দেয়। বঙ্গবন্ধুর ভাস্কর্য এই পরিপ্রেক্ষিতে তাৎপর্যপূর্ণ যে আমাদের ইতিহাস তিনি রচনা করেছেন। তিনি নিজেই একটি ইতিহাস। আমাদের শিল্পের সকল মাধ্যমে তিনি আছেন এবং থাকবেন। আমরা হেরে গেলে হবে না। বরং আমাদের যাত্রা আরো দৃঢ় হতে হবে। আমরা বঙ্গবন্ধুর একটা ভাস্কর্যের বদলে হাজারটা ভাস্কর্য বানাবো। শিগগিরই আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সবচেয়ে সুন্দর জায়গা খুঁজে বের করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি দৃষ্টিন্দন ভাস্কর্য স্থাপন করবো।
মানববন্ধনে বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক বশির আহমেদের সঞ্চালনায় অধ্যাপক সোহেল আহমেদ বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্যের ওপর আঘাত হানা মানে বাংলাদেশের ওপর আঘাত হানা। মুসলিম লীগ, জামায়েত ইসলামী এবং পাকিস্তানের প্রেতাত্মারা আবার মাথা তুলে দাঁড়াচ্ছে। পৃথিবীর অনেক মুসলিম দেশে ভাস্কর্য আছে। সেখানে কেউ ভাস্কর্য ভাঙে না। ভাস্কর্য মানেই মূর্তি পূজা না।
এসময় বক্তারা অতি দ্রুত বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরকারীদের বিচারের দাবি জানান।










