যমুনার তীব্র ভাঙনে বিলীন হলো সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বেতিল স্পার বাঁধ-১-এর ১২০ মিটার এলাকা। মঙ্গলবার থেকে বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের আজুগড়া এলাকায় স্থাপিত যমুনার তীরে স্পার বাঁধটিতে ধস দেখা দেয়। গতকাল সকাল পর্যন্ত বাঁধের মাটির অংশের ১২০ মিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়ে যায়। স্পারটিতে ধস দেখা দেয়ায় মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউট, পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর বেলকুচি আজুগড়া সাবমেরিন কেবল সাইডের সার্স লাইনসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও বাড়িঘর এবং ফসলি জমি হুমকির মুখে পড়েছে। 

পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, জেলার তাঁতসমৃদ্ধ বেলকুচি-এনায়েতপুরকে যমুনার ভাঙন থেকে রক্ষায় সিরাজগঞ্জ-এনায়েতপুর আঞ্চলিক সড়কের পূর্বপ্রান্তে ২০০০-০১ অর্থবছরে বেতিল স্পার বাঁধ-১ ও ২ নামে দুটি স্পার নির্মাণ করা হয়। বেতিল স্পার বাঁধ-১-এর মোট দৈর্ঘ্য ৯৫০ মিটার। এর মধ্যে ৮০০ মিটার আর্জেন্ট স্যাংক, যেটা মাটির তৈরি অংশ। বাকি ১৫০ মিটার আরসিসি। কয়েকদিন ধরে বাঁধে ধস দেখা দিয়েছে। এতে প্রায় ১২০ মিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছে। 

স্থানীয়রা জানান, দীর্ঘদিন আগে নির্মিত এ স্পারটির রক্ষণাবেক্ষণ যথাযথভাবে না করায় বারবার ভাঙন দেখা দিচ্ছে। তাছাড়া যমুনার বালি উত্তোলন এবং বালিবাহী ট্রাক চলাচল করার কারণে দুর্বল হয়ে বাঁধটিতে ধস দেখা দেয়। 

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী (বেলকুচি পওর বিভাগ) মিল্টন হোসেন জানান, যমুনার পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে  বাঁধে ধস দেখা দেয়। গত ১৪ অক্টোবর থেকে ধস দেখা দিলে ভাঙন রোধে তখন বালির বস্তা ডাম্পিং করা হয়। তার পরও যমুনার পানি বৃদ্ধির কারণে বাঁধ েভাঙন সৃষ্টি হয়েছে। বিষয়টি আমাদের নজরে আছে। পানি কমে গেলে স্পারটি সংস্কার করা হবে।