বিএনপির সাত নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেয়া হয়েছে। আজ শুক্রবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, 'দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ও ময়মনসিংহের ভালুকা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ফখর উদ্দিন আহমেদ বাচ্চু, গাজীপুর মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক রাকিবুল উদ্দিন সরকার পাপ্পু, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক নুরুল আমিন, পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা বিএনপির সাবেক আহবায়ক রুহুল আমিন দুলাল, নীলফামারীর জলঢাকা উপজেলা বিএনপির সাবেক সভাপতি তাহমিদ ফয়সাল চৌধুরী কমেট এবং রংপুর জেলা বিএনপির সাবেক সদস্য মোকাররম হোসেন সুজন ও মো. আলি সরকারকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছিল।

তাদের আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বহিস্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেয়া হয়েছে।