ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ছাদের পলেস্তরা ধসে পড়ে তিন নারী আহত হয়েছেন। গতকাল সকাল ৭টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সের মহিলা ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন উপজেলার সিংগী গ্রামের হারুন শেখের স্ত্রী (হাসপাতালে ভর্তি রোগী) মনোয়ার বেগম (৪৫), তার মেয়ে মৌসুমি খাতুন (২৪) ও খোকন শেখের স্ত্রী ফুলজান নেছা (৪৪)। এর মধ্যে মৌসুমি খাতুনের অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য তাকে প্রথমে যশোর সদর হাসপাতাল ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে বলে জানা গিয়েছে।  অন্য দুজনকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।