ঝালকাঠিতে অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ের হওয়া মামলার শুনানি গতকাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অনুষ্ঠিত হয়েছে। শুনানি শেষে বিকালে আদালত মামলাটি নৌ-আদালতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। এর আগে সকালে লঞ্চমালিক হামজালাল শেখসহ আসামিদের পক্ষে আইনজীবী জামিন আবেদন করে মামলাটি স্থগিতের আবেদন করেন। ঝালকাঠি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সকালে প্রথমে শুনানি হয়। আসামি পক্ষের আইনজীবী জিকে মোস্তাফিজ বলেন, একই অপরাধের মামলা দেশের বিভিন্ন আদালতে চলতে পারে না। এছাড়া মামলাটি নৌ-অপরাধ আইনে হওয়ায় কেবল সেখানেই বিচারিক কার্যক্রম চলার আইনগত বিধান রয়েছে। এ কারণে ঝালকাঠি আদালতে মামলা চলতে পারে না উল্লেখ করে মামলার স্থগিতাদেশ চেয়ে আসামিদের জামিন আবেদন করেছি। বিচারক এএইচএম ইমরানুর রহমান শুনানি শেষে আদেশের জন্য বিকালে সময় রাখেন।
ঝালকাঠি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জিআরও ফেরদৌস রহমান জানান,
বিকালে আদালতে বিচারক এএইচএম ইমরানুর রহমান মামলাটি নৌ-আদালতে পাঠানো নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে জামিনের সিদ্ধান্তও নৌ-আদালত নেবেন বলে উল্লেখ করেছেন।
প্রসঙ্গত, ঝালকাঠি সুগন্ধা নদীতে গত বছরের ২৪ ডিসেম্বর গভীর রাতে অভিযান-১০ নামে বরগুনাগামী লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে দগ্ধ হয়ে ৪৬ জনের প্রাণ ঝরে। এখনো নিখোঁজ রয়েছেন অনেকে। এ ঘটনায় একই পরিবারের চারজনের নিখোঁজের স্বজন ঢাকার ডেমরা এলাকার মনির হোসেন বাদী হয়ে গত ২৭ ডিসেম্বর ঝালকাঠি সদর থানায় দায়িত্বে অবহেলায় মৃত্যু ঘটনার অভিযোগে লঞ্চমালিক হামজালাল শেখসহ আটজন নামধারী ও অজ্ঞাত ২০ জনের বিরুদ্ধে একটি মামলা করেছিলেন।










