পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় পার্বত্য অঞ্চলের গুণগত শিক্ষা, আর্থ-সামাজিক অগ্রগতি ও টেকসই উন্নয়নে নিরলসভাবে কাজ করছে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা (অব.) সুপ্রদীপ চাকমা । তিনি বলেন, পার্বত্য জেলাগুলোর মধ্যে বান্দরবান এখনো পিছিয়ে আছে। এ জেলাকে এগিয়ে নিতে সরকার আন্তরিকভাবে কাজ চালিয়ে যাচ্ছে।
রোববার (২০ জুলাই) বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে জেলা পরিষদ অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন দরিদ্র কৃষক ও নারীদের মাঝে ফলদ ও বনজ চারা, গবাদি পশু, সেলাই মেশিন এবং গর্ভবতী ও প্রসূতি নারী ও নবজাতকদের স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ অনুদান বিতরণ করা হয়।
সুপ্রদীপ চাকমা বলেন, সরকারের কাছ থেকে পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে প্রয়োজনীয় সব বরাদ্দ আনা হবে। তবে তিনি জানান, উন্নয়নের লক্ষ্য সফল করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে গুণগত শিক্ষা ও টেকসই উন্নয়নের জন্য কাজ করতে হবে। প্রান্তিক জনগণের জন্য বাস্তবভিত্তিক প্রকল্প হাতে নিতে ও তা জেলা পরিষদের মাধ্যমে সঠিকভাবে বাস্তবায়ন করতে হবে।
অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, পার্বত্য এলাকায় শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে বর্তমান সরকার আন্তরিক। এ উন্নয়ন কর্মকাণ্ডকে তিনি পার্বত্য অঞ্চলের অর্থনৈতিক সমৃদ্ধির ভিত্তি হিসেবে উল্লেখ করেন।
সভাপতির বক্তব্যে বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই বলেন, উপদেষ্টা সুপ্রদীপ চাকমার নেতৃত্বে মন্ত্রণালয়ের কার্যক্রমে পার্বত্য এলাকায় দৃশ্যমান উন্নয়ন হচ্ছে। বিশেষ করে প্রান্তিক জনগণ আগের তুলনায় এখন অনেক বেশি উপকৃত হচ্ছেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বান্দরবান জেলা প্রশাসক শামীম আরা রিনি, পুলিশ সুপার শহীদুল্লাহ কাওছার, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা ও উপকারভোগীরা।
পরে উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ৪৮২ জন দরিদ্র কৃষক ও নারীদের মাঝে চারা, গবাদি পশু, সেলাই মেশিন ও প্রসূতি নারীদের জন্য নগদ আর্থিক অনুদান বিতরণ করেন।










