৭ মার্চের মধ্যেই হাওর রক্ষাবাঁধ নির্মাণকাজ শেষ করার নির্দেশ দিয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম। তিনি বলেন, হাওর রক্ষাবাঁধ নির্মাণকাজের নির্ধারিত সময়সীমা ২৮ ফেব্রুয়ারি ছিল। কিন্তু এখনো অনেক কাজ বাকি, সে কাজ বাস্তবায়ন করতে একটু সময় লাগবে। তাই আগামী ৭ মার্চের মধ্যে অবশ্যই হাওর রক্ষাবাঁধ নির্মাণকাজ শেষ করতে হবে। এজন্য সবাইকে (জেলা কাবিটা নীতিমালা কমিটি) যার যার অবস্থান থেকে কাজ করতে হবে।
গতকাল দুপুরে সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংশোধিত কাবিটা নীতিমালা-২০১৭-এর আওতায় কাবিটা স্কিম প্রণয়ন ও বাস্তবায়নসংক্রান্ত জেলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপমন্ত্রী বলেন, হাওরকে নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা আছে। আগামীতে হাওর রক্ষাবাঁধ নির্মাণকাজ যাতে স্থায়ীভাবে করা যায়, সে চিন্তা করছে সরকার। হাওর পাড়ের মানুষ তাদের ঘামে উৎপাদিত সোনালি ফসল যাতে গোলায় তুলতে পারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেটাই চান।
উপমন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্যোগ মোকাবেলায় বিশ্বের মধ্যে একজন শিক্ষক বলা যায়। গত বন্যা, কভিড-১৯ যেভাবে মোকাবেলা করেছেন তা সত্যিই প্রশংসনীয় পৃথিবীর মানুষের কাছে।
ফসল রক্ষাবাঁধ নির্মাণকাজে স্থানীয় জনপ্রতিনিধিদের নামকাওয়াস্তে রাখায় একাধিক জনপ্রতিনিধিদের বক্তব্যের জবাবে তিনি বলেন, ভবিষ্যতে জনপ্রতিনিধিদের গুরুত্বসহকারে দায়িত্ব দেয়ার ব্যবস্থা করা হবে।
জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক সংসদ সদস্য মতিউর রহমান, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক প্রমুখ উপস্থিত ছিলেন।










