সুনামগঞ্জে জেল থেকে আদালতে নিয়ে আসার পর পালিয়ে যাওয়ার ১০ দিনের মাথায় আসামি ইকবাল হোসেনকে (৩৫) ধরতে পেরেছে পুলিশ।

আজ শুক্রবার সন্ধায় সিলেটের লাক্কাতুলা চা বাগান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

তিনি জেলার দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের উস্তেঙ্গেরগাঁও গ্রামের রমজান আলীর ছেলে।

সুনামগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান এখবর নিশ্চিত করেছেন।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ সদর মডেলার থানার এসআই মিজানুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ সিলেটের লাক্কাতুরা চা বাগান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তাকে সিলেট থেকে নিয়ে এসে সুনামগঞ্জ সদর মডেল থানায় পুলিশ হেফাজতে রাখা হয়েছে। 

সুনামগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান জানান, সন্ধায় সিলেট শহরতলী থেকে হত্যা মামলার পলাতক আসামি ইকবালকে গ্রেফতার করা হয়। আগামীকাল শনিবার তাকে আদালতে তোলা হবে। 

উল্লেখ্য, ২০১৭ সালের ১৩ জুন দায়েরকৃত স্ত্রীকে হত্যা মামলায় আসামি ইকবাল হোসেনকে গত ৯ ডিসেম্বর বেলা ১১টায় জেলা কারাগার থেকে আদালতে নিয়ে আসে পুলিশ। বিকালে অন্য আসামিদের কারাগারে ফেরত নিয়ে গেলেও ইকবালকে পাওয়া যায়নি। এ ঘটনায় দায়িত্বে অবহেলার দায়ে ৫ পুলিশ সদস্যকে কোর্ট পুলিশ থেকে সুনামগঞ্জ পুলিশ লাইনসে প্রত্যাহার করা হয়।