জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আগামী ২৭ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৬তম প্রজাপতি মেলা। প্রজাপতির বৈচিত্র্য সংরক্ষণ ও জীববৈচিত্র্য সম্পর্কে সচেতনতা বাড়াতে আয়োজিত এ মেলায় উন্মোচন করা হবে প্রজাপতি ও পোষক উদ্ভিদবিষয়ক একটি নতুন বই।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) মেলার আহ্বায়ক ও প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. মনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

অধ্যাপক মনোয়ার হোসেন বলেন, একসময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রায় ১১০ প্রজাতির প্রজাপতি পাওয়া গেলেও বর্তমানে তা কমে প্রায় ৭০ প্রজাতিতে নেমে এসেছে। প্রজাপতি রক্ষায় বিশ্ববিদ্যালয়ের ঝোপঝাড় ও লতাগুল্ম নির্বিচারে কাটা বন্ধ করার পাশাপাশি কীটনাশক ব্যবহারে সতর্কতা প্রয়োজন।

তিনি বলেন, প্রজাপতির টিকে থাকার জন্য শুধু বড় গাছ নয়, প্রয়োজনীয় ঝোপঝাড়, লতাগুল্ম ও পোষক উদ্ভিদ সংরক্ষণও জরুরি। নতুন বইটিতে প্রজাপতির সঙ্গে উদ্ভিদের সম্পর্ক, উদ্ভিদ চেনার উপায় এবং প্রজাপতির শূককীট সম্পর্কে তথ্য তুলে ধরা হবে।

তিনি আরো জানান, প্রকৃতি ও জীববৈচিত্র্যবিষয়ক উদ্যোগের স্বীকৃতি হিসেবে মেধাস্বত্ব বা কপিরাইটের জন্য আবেদন করা হয়েছে, যা বর্তমানে প্রক্রিয়াধীন। মেলায় অতিথি হিসেবে আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি ও বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আমন্ত্রণ জানানোর পরিকল্পনা রয়েছে। তবে অতিথি ও পুরস্কারপ্রাপ্তদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি।