দিনাজপুরে ৯৯ শিক্ষার্থীর মধ্যে বৃত্তির ১১ লাখ ২০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। গতকাল ইকো-ইউএসএর সহযোগিতায় মেধাবী শিক্ষার্থীদের মধ্যে এ চেক বিতরণ করে বেসরকারি উন্নয়ন সংস্থা অ্যাসোসিয়েশন ফর ম্যাস অ্যাডভান্সমেন্ট নেটওয়ার্ক (আমান)। তারা সবাই সরকারি মেডিকেল কলেজ, প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং দরিদ্র পরিবারের সন্তান।
দিনাজপুর প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মর্তুজা আল-মুঈদ।
চেক বিতরণ অনুষ্ঠনে বিশেষ অতিথি ছিলেন বণিক বার্তার দিনাজপুর প্রতিনিধি মো. মোফাসিরুল রাশেদ ও আমান-বাংলাদেশের কর্মকর্তা হাসিব চৌধুরী।
চেক পাওয়ার পর অনুভূতি জানাতে গিয়ে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নাজমুল ইসলাম বলেন, আমার বাবা ছোট মুদি দোকান চালিয়ে আমাদের তিন ভাইবোনকে লেখাপড়া করাচ্ছেন। আমার মেডিকেল পড়ার জন্য শেষ সম্বল জমি বন্ধক রেখেছেন তিনি। ইকোর এ অর্থ আমার জন্য অনেক উপকারে আসবে। দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিবিএ শেষ বর্ষের শিক্ষার্থী নুরী আক্তার বলেন, আমার বাবা একজন কৃষক। কৃষিকাজ করে আমাদের সংসার চলে।










