চাঁদপুরের হাজীগঞ্জে নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে সহোদরের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল সকাল সাড়ে ৯টার দিকে হাজীগঞ্জ বাজারে পৌর হকার্স মার্কেটের বারেক হাজির নির্মাণাধীন ভবনে। নিহতরা হলেন চাঁপাইনবাবগঞ্জের নাছোড় থানার সুখানদীঘি গ্রামের সাজেমান আলীর ছেলে গোলাম রাব্বানী (৩০) ও মোহন (২৮)।
পুলিশ জানায়, ওই ভবনের ঠিকাদার ছিলেন গোলাম রাব্বানী। সহযোগী মিস্ত্রি তারই ছোট ভাই মোহন। গতকাল সকালে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে প্রথমে নামেন ছোট ভাই মোহন। ভেতরে তার কোনো শব্দ না পেয়ে বড় ভাই গোলাম রাব্বানীও ট্যাংকে নামেন। এ সময় তিনি অচেতন হয়ে পড়লে অন্য শ্রমিকরা ফায়ার সার্ভিসকে খবর দেন।
খবর পেয়ে হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রাশেদুল আলম অচেতন অবস্থায় দুই ভাইকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
নিয়ে গেলে কর্মরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করেন।










