দেশে হামে আক্রান্ত হয়ে ও এর উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় মোট ৮ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত এক মাসে এ রোগে এবং এর উপসর্গ নিয়ে মোট ২০৬ শিশুর মৃত্যু হলো। আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, দেশে হামে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় মারা গেছে দুই শিশু এবং হাম সন্দেহে বা হামের উপসর্গ নিয়ে আরো ছয় শিশু মারা গেছে। একই সময় সারা দেশে হামের উপসর্গ দেখা গেছে ১ হাজার ১৯১ জনের মধ্যে। এর মধ্যে ৪৯৬ জনই ঢাকা বিভাগের। একই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮১১ জন, যার মধ্যে ৩৫৮ জন ঢাকা বিভাগে। আর হাম শনাক্ত হয়েছে ৯২ শিশুর।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামে মারা যাওয়া দুই শিশুই ঢাকা বিভাগের। এ সময়ে সর্বোচ্চ ৭৮ জনের হাম শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে। এছাড়া বরিশাল বিভাগের ৬জন , চট্টগ্রাম বিভাগের ২ জন, খুলনা বিভাগের ২ জন এবং রাজশাহী বিভাগের ৪ জনের হাম শনাক্ত হয়েছে।

গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৩৪ শিশু। আর এ সময়ে হামের উপসর্গ নিয়ে আরো ১৭২ শিশু মারা গেছে। এ নিয়ে এক মাসে মৃত্যু সংখ্যা ২০৬ জনে দাঁড়াল।