চাঁপাইনবাবগঞ্জে পূর্ব বিরোধের জেরে আবদুর রহমান (৫০) নামে এক কৃষককে হত্যা করা হয়েছে। গতকাল সকালে এ ঘটনা ঘটে। আবদুর রহমান সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের কাজিপাড়ার আলতাফ হোসেনের ছেলে। হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ এ পর্যন্ত ছয়জনকে আটক করেছে।

নিহতের শ্বশুর মন্টু আলী জানান, বাড়ির সামনের রাস্তার ওপর একটি ড্রেনকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরে প্রতিবেশী আমিনুল, বেলাল ও রুবেলের সঙ্গে বিরোধ চলে আসছিল আবদুর রহমানের। এ নিয়ে গতকাল সকাল সাড়ে ৯টার দিকে দুই পক্ষের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র নিয়ে আবদুর রহমানের মাথা ও বুকে আঘাত করে। এতে গুরুতর আহত হন তিনি। আহত অবস্থায় স্বজনরা চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জানতে চাইলে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ছয়জনকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।