চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ধান বোঝাই নসিমন উল্টে নয় কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন আরো ছয়জন। উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের বারিকবাজার-সোনাপুর গ্রামে গতকাল ভোরে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নওগাঁর নিয়ামতপুর থেকে গতকাল ভোরে নসিমনযোগে শিবগঞ্জের বালিয়াদীঘি এলাকার ১৫ জন ধানকাটা শ্রমিক ধান নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে বারিকবাজার-সোনাপুর এলাকায় পৌঁছানোর পর চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে নসিমনটি উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় ধানের বস্তার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই আটজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত সাতজনকে হাসপাতালে নেয়ার  পথে আরেকজনের মৃত্যু হয়। 

নিহতদের মধ্যে আটজনের পরিচয় নিশ্চিত হওয়া গিয়েছে। তারা হলেন শিবগঞ্জের শাহাবাজপুর ইউনিয়নের বালিয়াদীঘি গ্রামের এরফান আলীর ছেলে বাবু, একই এলাকার শেখ মোহাম্মদের ছেলে তাজেমুল হক ও তার ছেলে মিঠুন, কাবিল উদ্দিনের ছেলে কারিম, আমানুলের ছেলে মিজানুর রহমান মিলু, নওশাদের ছেলে আবুল কাশেম, লাওঘাটা গ্রামের রহমানের ছেলে আতাউর রহমান ও আজিমুল হকের ছেলে আহাদ আলী। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত নিহত আরেকজনের পরিচয় জানা সম্ভব হয়নি।

এদিকে ফায়ার সার্ভিস বলছে, নসিমনটিতে অতিরিক্ত ধান বোঝাই ছিল। এ কারণে বাহনটির চালক সরু রাস্তায় নিয়ন্ত্রণ ধরে রাখতে পারেননি। 

এ ঘটনায় আহত এমারুল ইসলাম বলেন, বরেন্দ্র অঞ্চল থেকে ধানকাটা শেষে মজুরির ১৫০ মণ ধান নিয়ে নসিমনযোগে বাড়ি ফিরছিলাম। আমি ও আরেকজন সামনের সিটে বসে ছিলাম। পথে সোনাপুর গ্রামের ভাঙা রাস্তায় পৌঁছলে নসিমনটি উল্টে গিয়ে বামের পুকুরে পড়ে যায়। 

চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক সাবের উদ্দিন প্রামাণিক জানান, দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আটজনের মরদেহ উদ্ধার করে। এছাড়া আহত আরো সাতজনকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর ও রামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ সময় পথেই আরেকজনের মৃত্যু হয়। সরু রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় একপাশ ভেঙে গিয়েছিল। সেখানে চাকা পড়ার পর বাহনের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারেননি নসিমন চালক,  ফলে দুর্ঘটনাটি ঘটে।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব-আল-রাব্বি জানান, ঘটনাস্থল থেকে উদ্ধারকৃত মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি নিহত প্রত্যেকের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১০ হাজার টাকা করে দেয়া হয়েছে। 

স্থানীয় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব দুর্ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, এ ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।