ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে এবং যাত্রীদের ভোগান্তি নিরসনে বাস রুট রেশনালাইজেশনের অংশ হিসেবে ঢাকা নগর পরিবহনের উদ্বোধন করা হয়েছে। আজ রোববার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ পরিবহনের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে সেতুমন্ত্রী বলেন, সুশৃঙ্খল ও আধুনিক গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে সব ধরনের সহযোগিতা করা হবে। আমি এর সাফল্য কামনা করি।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। অনুষ্ঠানে বক্তব্য দেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।
জানা গেছে, দুপুর ১২টার দিকে ঢাকা সিটির দুই মেয়র বাসে চড়ে যাত্রার মাধ্যমে ঢাকা নগর পরিবহন চলাচলের উদ্বোধন করেন।
বিআরটিসির ৩০টি ডাবল ডেকারসহ ৫০টি বাস দিয়ে পরীক্ষামূলকভাবে এ রুটে কার্যক্রম শুরু হচ্ছে। আগামী দুই মাসের মধ্যে এ রুটে বাসের সংখ্যা একশয় উন্নীত করা হবে। প্রথম দিন থেকেই ই-টিকিটিং সিস্টেম চালু করা হলো।
কেরানীগঞ্জের ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত প্রায় ২৭ কিলোমিটারের রুটে বিআরটিসির বাসের পাশাপাশি সবুজ রঙের বাস নিয়ে ঢাকা নগর পরিবহন চলবে। এ রুটে কিলোমিটারপ্রতি ভাড়া পড়বে দুই টাকা ২০ পয়সা।
নগর পরিবহন পরিচালনায় রুটের প্রত্যেক বাস চালক-স্টাফদের নির্দিষ্ট পোশাক থাকবে। সঙ্গে রাখতে হবে পরিচয় পত্র। এ ছাড়া প্রস্তুত করা হয়েছে বাস-বে, যাত্রী ছাউনি।











