তিন দফা সময় বাড়িয়েও শেষ হয়নি সিলেট নগরীর প্রবেশদ্বারে অবস্থিত কিন ব্রিজের সংস্কারকাজ। তিন মাসের অধিক সময় বন্ধ রয়েছে ব্রিজটি। এতে ক্ষোভ বাড়ছে ব্রিজের দক্ষিণ প্রান্তে থাকা ব্যবসায়ীদের। যদিও আরেক দফায় ১৫ দিন সময় বাড়িয়ে নোটিস টানানোর প্রস্তুতি নিচ্ছে সংস্কারকাজে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে ওই সময়েও কাজ শেষ হওয়া নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে। ফলে দীর্ঘায়িত হচ্ছে জনদুর্ভোগ।

রেলওয়ের সেতু বিভাগ সূত্রে জানা গেছে, গত ১৫ আগস্ট কিনব্রিজ মেরামত, নবায়নসহ নির্মাণকাজের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ১৫ অক্টোবর পর্যন্ত দুই মাস ব্রিজের ওপর দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ ঘোষণা করা হয়। এরপর পথচারীদের চলাচল বন্ধ করতে সেতুটির দুই পাশে দেয়া হয় টিনের বেড়া। সংস্কারের জন্য ব্রিজটি বন্ধের সাড়ে তিন মাস পার হয়েছে। কথা ছিল কাজ শুরুর পর দুই মাসে সংস্কার শেষ হবে। বাস্তবে সাড়ে তিন মাসেও শেষ হয়নি। সর্বশেষ ৩০ নভেম্বরের মধ্যে কাজ শেষ করার কথা থাকলেও তা হয়নি। ঠিকাদারি প্রতিষ্ঠান এখন নতুন করে ১৫ ডিসেম্বর পর্যন্ত সময় বাড়িয়ে এর মধ্যে নির্মাণকাজ শেষ করার প্রতিশ্রুতি দিয়েছে। তবে নির্ধারিত সময়েও ব্রিজটি খোলা নিয়ে রয়েছে সংশয়।

ঠিকাদারি প্রতিষ্ঠানসংশ্লিষ্টরা জানান, ব্রিজের মেরামতকাজ চলমান। দুই মাসের মধ্যে শেষ করার কথা ছিল। তবে সংস্কার করতে গিয়ে সেতুর দুই পাশের পাত অকেজো অবস্থায় পাওয়া গেছে, যা আগের হিসাবে ছিল না। এজন্য নির্দিষ্ট সময়ের তুলনায় বেশি সময় লাগছে। দ্রুত সংস্কার শেষ করতে আরো শ্রমিক নিয়োগ করা হয়েছে।

এ ব্যাপারে রেলওয়ের সেতু বিভাগের নির্বাহী প্রকৌশলী (পূর্বাঞ্চল) জিসান দত্ত জানান, সেতুটির দুই পাশে লাগানো পাতগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় সেগুলো মেরামত করতে সময় বেশি লাগছে। তবে ১৬ ডিসেম্বরের আগেই পথচারীদের জন্য ব্রিজটি খুলে দেয়ার চিন্তাভাবনা রয়েছে।