বরগুনার তালতলীতে পুকুরে গোসল করতে গিয়ে মরিয়ম আক্তার (১১) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (১৬ এপ্রিল) সকাল ৮টার দিকে উপজেলার শারীকখালী ইউনিয়নের নলবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
মরিয়ম নলবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। তার বাবার নাম মো. ফারুক আকন।
পরিবার ও স্থানীয়রা জানান, সকালে স্কুলে যাওয়ার আগে মরিয়ম তার সহপাঠী ফুফু মিম আক্তারকে সঙ্গে নিয়ে বাড়ির পুকুরে গোসল করতে যায়। পুকুরের পাকা ঘাটে পা পিছলে অসাবধানতাবশত পানিতে পড়ে যায় মরিয়ম। সে সাঁতার না জানায় দ্রুত পানিতে তলিয়ে যায়। এ সময় তার সঙ্গে থাকা মিম চিৎকার শুরু করলে পরিবারের লোকজন ছুটে আসে। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর পুকুরের পানিতে মরিয়মকে ভাসতে দেখা যায়। দ্রুত উদ্ধার করে পার্শ্ববর্তী আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মরিয়মের বাবা ফারুক আকন বলেন, সকালে আমার মেয়ে স্কুলে যাওয়ার আগে গোসল করতে গিয়ে পা পিছলে পড়ে যায়। সে সাঁতার জানত না।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. রোকনুজ্জামান বলেন, মেয়েটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।










