বেসরকারি খাতের চার ব্যাংকে এবার পর্যবেক্ষক বসিয়েছে বাংলাদেশ ব্যাংক। অন্তর্বর্তী সরকারের আমলে এ ব্যাংকগুলোর পর্ষদ ভেঙ্গে দেয়া হয়েছিল। এরপর ব্যাংকগুলোতে স্বতন্ত্র ও শেয়ারধারী পরিচালকদের পর্ষদে নিয়োগ দেয়া হলেও পরিস্থিতির খুব একটা উন্নতি না হওয়ায় এবার সেগুলোতে পর্যবেক্ষক বসানো হয়েছে।

ব্যাংকগুলো হলো ন্যাশনাল ব্যাংক পিএলসি, প্রিমিয়ার ব্যাংক পিএলসি, আইএফআইসি ব্যাংক পিএলসি ও আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক পিএলসি। গত সপ্তাহে পর্যবেক্ষক নিয়োগের বিষয়ে জানিয়ে এসব ব্যাংকে চিঠি দেয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, ব্যাংকগুলোতে নিয়োগ দেয়া পর্যবেক্ষকদের সবাই কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক পদমর্যাদার। এদের মধ্যে ন্যাশনাল ব্যাংকে পর্যবেক্ষক করা হয়েছে ব্যাংক সুপারভিশন ডিপার্টমেন্ট-১২-এর পরিচালক মুনির আহমেদ চৌধুরীকে। আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক করা হয়েছে ইসলামিক ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের পরিচালক মোহাম্মদ আনিসুর রহমানকে। প্রিমিয়ার ব্যাংকে পর্যবেক্ষক করা হয়েছে পেমেন্ট সিস্টেম বিভাগের পরিচালক এ এন এম মঈনুল কবির এবং আইএফআইসি ব্যাংকে পর্যবেক্ষক করা হয়েছে ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট-১-এর পরিচালক এ কে এম কামরুজ্জামানকে।

নতুন নিয়োগপ্রাপ্ত পর্যবেক্ষকরা ব্যাংকের পরিচালনা পর্ষদ, নির্বাহী কমিটি ও নিরীক্ষা কমিটির সভায় উপস্থিত থেকে ব্যাংক পর্যবেক্ষণ করবেন বলে জানা গেছে।