কুষ্টিয়া পৌরসভার ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম ও কাউন্সিলর প্রার্থী মাহবুবুর রহমান পাখির সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সোহেল সরকার (৫০) নামে একজন মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত পাঁচজন। গত শুক্রবার রাত ৯টার দিকে কুষ্টিয়া পৌরসভার যুগলীয়া বারখাদা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ১৩ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মাহবুবুর রহমান পাখির সমর্থকরা শুক্রবার রাত ৯টার দিকে কুষ্টিয়া পৌরসভার যুগলীয়া বারখাদা এলাকায় গণসংযোগ করতে যান। এ সময় ১৩ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর রবিউল ইসলাম রবির সমর্থকদের সঙ্গে এ সংঘর্ষ হয়। এতে পাঁচ-ছয়জন আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সোহেল সরকারকে মৃত ঘোষণা করেন।
ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মাহবুবুর রহমান পাখি অভিযোগ করে বলেন, গত শুক্রবার রাত ৯টার দিকে গণসংযোগ চলাকালে রবি তার ক্যাডার বাহিনী দিয়ে আমার সমর্থকদের ওপর হামলা চালায়।
তিনি বলেন, সংঘর্ষ চলাকালে কাউন্সিলর রবি বারখাদার ত্রিমোনীর রয়েল অটোর মালিক সোহেলকে ধাক্কা মেরে ফেলে দেন। হাসপাতালে নিয়ার পথে তিনি মারা।
এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি। পরে থানার ডিউটি অফিসার রহিমা বলেন, মরদেহ হাসপাতালে আছে। এ ব্যাপারে তদন্ত চলছে।










