কক্সবাজারের রামুতে পাহাড় ধসে একই পরিবারের চারজন নিহত হয়েছেন। গতকাল রাত সাড়ে ৭টার দিকে উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের লট উখিয়ার ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন রামু থানার ওসি আনোয়ারুল ইসলাম।
নিহতরা হলেন ওই এলাকার আজিজুর রহমান (৫৫), তার
স্ত্রী রহিমা খাতুন (৪৫), শাশুড়ি
দিল ফুরুস বেগম (৭০) ও পুত্রবধূ নাছিমা আকতার (২৫)।
ফায়ার সার্ভিসের রামুর স্টেশন কর্মকর্তা সৌমেন বড়ুয়া জানিয়েছেন, আজিজুর রহমান নিজ বাড়িতে ফিরে রান্নাঘরে রাতের খাবার খাওয়ার সময় হঠাৎ পাহাড় ধসে পরিবারের অন্য তিন সদস্যসহ মাটিচাপা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মাটিচাপা থেকে চারজনের মরদেহ উদ্ধার করেন।
রাত সাড়ে ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত মাটির নিচে আর কেউ আছে কিনা তার জন্য কাজ চলছিল। তবে বৃষ্টি না হওয়া সত্ত্বেও অসময়ে কেন পাহাড়ধস হলো তা তিনি নিশ্চিত করতে পারেননি।











