শেখ কবির হোসেন মারা গেছেন। গতকাল সকাল সাড়ে ১০টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। কয়েক বছর ধরেই তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন।

এ শিক্ষা উদ্যোক্তার মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি, বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ) এবং শিক্ষা উদ্যোক্তারা ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তি।

জানা গেছে, শেখ কবিরের প্রথম জানাজা অনুষ্ঠিত হয় কলাবাগান স্টাফ কোয়ার্টার জামে মসজিদে। এরপর তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাসে। আজ গোপালগঞ্জে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

শেখ কবির বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির সভাপতি ও বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) সাবেক প্রেসিডেন্ট ছিলেন। ২০০১ সালে বিআইএর প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে টানা ১৩ বছর তিনি এ পদে ছিলেন। সোনার বাংলা ইন্স্যুরেন্স ও ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যানও ছিলেন তিনি। এছাড়া বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, পর্যটন করপোরেশন ও সোনালী ব্যাংকে চাকরি করেছেন। ১৯৭৫ সালে তিনি সরকারি চাকরি থেকে পদত্যাগ করেন। ১৯৪২ সালে গোপালগঞ্জে জন্মগ্রহণ করেন শেখ কবির। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চাচাতো ভাই ও শেখ হাসিনার চাচা।