গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লেকের পানিতে ডুবে তাসপিয়া জাহান রিতু (২০) ও অনন্যা হিয়া (২০) নামে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
তারা দুজনই বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের (ইএসডি) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। রিতু চাঁদপুরের লালপুর থানার কেরুলিয়া গ্রামের আব্দুর রব শেখের মেয়ে। হিয়া খুলনার সোনাডাঙ্গা থানার বড় বয়রা গ্রামের মনিরুজ্জামানের মেয়ে। তারা দুজনে বিশ্ববিদ্যালয়ের সামনে গোবরা এলাকায় ছাত্রী মেসে থাকতেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. কামরুজ্জামান বলেন, ‘দুপুর ১২টার দিকে মুষলধারে বৃষ্টি হচ্ছিল। ওই সময় পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষের দুই শিক্ষার্থী লেকের পাড়ে বৃষ্টিতে ভিজছিল। পরে তারা লেকের পানিতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ হয়। বিশ্ববিদ্যালয়ের অন্য শিক্ষার্থীরা লেকের পাশেই ফুটবল খেলছিল। তারা রিতু ও অনন্যাকে দেখতে না পেয়ে দ্রুত লেকের পানিতে তল্লাশি শুরু করে। পরে দুজনকেই অচেতন অবস্থায় উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানকার চিকিৎসক ডা. ইসমাইল হোসেন তাদের মৃত ঘোষণা করেন।










