মেয়াদ শেষ হওয়ার পরও ঝালকাঠির গাবখান সেতুর (পঞ্চম বাংলাদেশ চীন মৈত্রী সেতু) ইজারাদার টোল আদায় অব্যাহত রেখেছিলেন। অবশেষে এক বছর পর গতকাল দুপুরে আদালতের নির্দেশে সেতুর টোল আদায় শুরু করেছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। ইজারাদার ইসলাম ব্রাদার্সের লোকজন টোলপ্লাজা বুঝিয়ে দিয়েছেন সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী শেখ নাবিল হাসানের কাছে।

সওজ বিভাগ জানায়, ২০১৮ সালে ৭ কোটি ২২ লাখ টাকা টেন্ডার মূল্যে তিন বছরের জন্য টোল আদায়ের দায়িত্ব পায় ইজারাদার ইসলাম ব্রাদার্স। ২০২১ সালের ৩০ জুন তাদের টোল আদায়ের মেয়াদ শেষ হয়। করোনার কারণে যাবাহন কম চলায় ক্ষতিগ্রস্ত হওয়ার কারণ দেখিয়ে ইজারাদার ইসলাম ব্রাদার্সের মালিক মুহম্মদ মনিরুল ইসলাম তালুকদার ঝালকাঠির যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতে মেয়াদ বাড়ানোর আবেদন করেন। পরে আদালত ইজারাদারকেই টোল আদায়ের নির্দেশ দেন।

৬ জুলাই জেলা ও দায়রা জজ আদালত থেকে এ আদেশ প্রত্যাহার করা হয়। ফলে গতকাল সওজ বিভাগকে টোল আদায়ের জন্য দায়িত্ব বুঝিয়ে দিতে বলা হয় ইজারাদারকে।