দেশের চার স্থানে সড়ক দুর্ঘটনায় ছয়জনের প্রাণহানি হয়েছে। এর মধ্যে রাজধানীতে দুজন এবং লক্ষ্মীপুর, দিনাজপুর, কুড়িগ্রাম ও বগুড়ায় একজন করে নিহত হয়েছেন। গতকাল বিভিন্ন সময় ও আগের দিন রাতে এসব দুর্ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে-
ঢাকা: রাজধানীর মিরপুর সনি হলের সামনে রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় আল-আমিন (৩০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। গতকাল সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আল-আমিনের গ্রামের বাড়ি পটুয়াখালী সদর উপজেলার ছোট বিঘাইল গ্রামে। মিরপুরের শাহ আলীর উত্তর বিশিল এলাকায় থাকতেন তিনি।
অন্যদিকে গুলিস্তানে বাসের ধাক্কায় এক বৃদ্ধা নিহত হয়েছেন। গতকাল সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে ওই নারীর পরিচয় জানা যায়নি। গুলিস্তানে রাস্তা পার হওয়ার সময় আসিয়ান পরিহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে ওই নারী আহত হন। তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান রাসেল নামে এক পথচারী।
লক্ষ্মীপুর: ড্রাম ট্রাকের সঙ্গে পিকআপের সংঘর্ষে আব্দুর রহিম (২৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন পিকআপ চালক রুবেল (২৬) ও অন্য শ্রমিক সাগর। গতকাল সকাল ৮টার দিকে লক্ষ্মীপুর যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রহিম সদর উপজেলার মান্দারী ইউনিয়নের উত্তর দুর্গাপুর গ্রামের আবদুল হকের ছেলে। আহত দুজন একই ইউনিয়নের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মান্দারি বাজার থেকে বালি আনার জন্য পিকআপ নিয়ে মজু চৌধুরী হাটে যাচ্ছিলেন রুবেল ও তার সহযোগী আব্দুর রহিম এবং সাগর। যুব উন্নয়ন অধিদপ্তর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ড্রাম ট্রাকের সঙ্গে পিকআপের সংঘর্ষ হয়। এতে তিনজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের হাসপাতালে নিলে চিকিৎসক আব্দুর রহিমকে মৃত ঘোষণা করেন।
দিনাজপুর: ফুলবাড়ীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় জাকির সরদার (৫২) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেলের আরেক আরোহী আহত হয়েছেন। গতকাল সকাল পৌনে ৯টার দিকে ফুলবাড়ী পৌর এলাকার উত্তর সুজাপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত জাকির সরদার (৫২) বিরামপুর উপজেলার দক্ষিণ সাহাবাজপুর গ্রামের মৃত ফয়েজ উদ্দিনের ছেলে।
কুড়িগ্রাম: জেলা সদরের ভোগডাঙ্গা ইউনিয়নে বাসচাপায় অজ্ঞাতপরিচয় (৭০) এক ভিক্ষুক নিহত হয়েছেন। গত শনিবার রাত ৯টার দিকে পাটেশ্বরী বাজারে এ দুর্ঘটনা ঘটে।
বগুড়া: শাজাহানপুরে বাসচাপায় তাজমিনুর রহমান (২৭) নামে এক পথচারী নিহত হয়েছেন। গত শনিবার রাত পৌনে ৯টার দিকে মাঝিড়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফয়সাল বিষয়টি নিশ্চিত করেন। তাজমিনুর রহমান উপজেলার মাঝিড়া ইউনিয়নের ডোমন পুকুর সোনাহারপাড়া গ্রামের বাসিন্দা। তিনি ভ্যান চালাতেন।










