বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিড) সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, শুধু ভোটার বা বিভিন্ন গোষ্ঠীই নয়, রাজনীতিবিদরাও এ মুহূর্তে বিপন্নতার মধ্যে আছেন। সম্প্রতি ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদির ওপর সুনির্দিষ্ট আক্রমণের ঘটনা ঘটেছে, কেউ মনে করছেন না যে, এই আক্রমণই শেষ।

তিনি বলেন, নির্বাচন কমিশন এবং বর্তমান সরকার তাদের জন্য সুষ্ঠু ও নিরাপদ পরিবেশ তৈরি করতে পারবে কিনা, সে বিষয়ে বড় ধরনের আশঙ্কা রয়েছে।

রোববার (১৪ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে চীন-মৈত্রী সম্মেলনে বাংলাদেশ রিফর্ম ট্র্যাকার উদ্বোধনে এসব কথা বলেন ড. দেবপ্রিয়। নাগরিক প্ল্যাটফর্ম বাংলাদেশ এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে ড. দেবপ্রিয় বলেন, অন্তবর্তী সরকারের দায়িত্ব নেয়ার আগে বাংলাদেশে গণতন্ত্রহীনতার মধ্যে একটি উচ্চবর্গীয় গোষ্ঠী গড়ে উঠেছিল। এই গোষ্ঠীটি গঠিত হয়েছিল উচ্চবর্গীয় ব্যবসায়ী, আমলা এবং রাজনীতিবিদদের সমন্বয়ে, যারা দেশকে সংস্কার বিরোধী একটি অবস্থানের দিকে নিয়ে গিয়েছিল।

তিনি বলেন, চক্রটি প্রতিযোগিতাপূর্ণ রাজনীতি বন্ধ করে দিয়েছিল এবং দেশকে প্রতিযোগিতাহীন অর্থনীতির দিকে চালিত করেছিল। এর ফলস্বরূপ, বাংলাদেশের উন্নয়নের যে বিবরণ তৈরি হয়েছিল তা শুধু অতিরঞ্জিতই ছিল না বরং অনেক ক্ষেত্রেই অংশগ্রহণমূলক ছিল না। সাধারণ মানুষ এই উন্নয়নের সমস্ত সুবিধা সর্বদা পায়নি। এর ফলে একটি অলিগার্ক গোষ্ঠী বা ক্ষমতাসীন চক্রের সৃষ্টি হয়েছিল, যারা 'চামচা পুঁজিবাদ' থেকে দেশকে 'লুটপাটতন্ত্রে' নিয়ে যায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। উপস্থিত ছিলেন সিপিডির চেয়ারম্যান রেহমান সোবহান, সম্মানীয় ফেলো ড. মোস্তাফিজুর রহমানসহ সংশ্লিষ্টরা।