নওগাঁর পোরশা সীমান্তে ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে আল আমিন (৩৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে পোরশার নিলমারি মাঠ থেকে প্রায় দুই কিলোমিটার দূরে ভারতের মালদা জেলার ডরলা সীমান্ত এলাকায় বিএসএফ-১৫৯ ব্যাটালিয়নের আওতাধীন কেদারীপাড়া ক্যাম্পের সদস্যদের ছোঁড়া গুলিতে তার মৃত্যু হয়।

 

নিহত আল আমিন নওগাঁর পোরশা উপজেলার নিতপুর কলনীপাড়া গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে।

 

তথ্যটি নিশ্চিত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নওগাঁ-১৬ ব্যাটালিয়নের আওতাধীন নিতপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার মাহফুজুর রহমান।

 

তিনি বলেন, মরদেহটি দ্রুত দেশে ফিরিয়ে আনতে প্রতিনিয়ত বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। বিএসএফ থেকে বলা হয়েছে, অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন আল আমিনসহ ৩ যুবক। এ সময় বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করলে পালিয়ে যাওয়ার সময় রাবার বুলেট ছোড়া হয়। তাৎক্ষণিক বাকি দুজন পালিয়ে গেলেও আল আমিন গুলিবিদ্ধ হয়।

 

মাহফুজুর রহমান বলেন, গুলিবিদ্ধ আল আমিনের মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে বিএসএফ। সকালে ঘটনাটি জানার পরই পতাকা বৈঠকের আহবান জানিয়ে বিএসএফ’কে চিঠি দেয়া হয়েছে। আজ দুপুর ২টার দিকে পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে। এরপরই ময়নাতদন্ত প্রতিবেদনসহ মরদেহটি আমাদের কাছে হস্তান্তর করবে বিএসএফ।