দেশের বাজারে স্বর্ণের দাম কমানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুসারে, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৯৬ টাকা।

স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম কমার পরিপ্রেক্ষিতে এ দাম কমানো হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটা জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। আগামীকাল শুক্রবার নতুন দাম কার্যকর হবে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমায় স্বর্ণের মূল্য সমন্বয় করা হয়েছে। নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ৯৬ টাকায়। ২১ ক্যারেট স্বর্ণের দাম ১ লাখ ৯০ হাজার ৯৯৮ টাকা, ১৮ ক্যারেট এক লাখ ৬৩ হাজার ৭১৬ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি বিক্রি হবে এক লাখ ৩৬ হাজার ১৪ টাকায়।

স্বর্ণের দাম কমালেও অপরিবর্তিত রয়েছে রৌপ্যের দাম। বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি রৌপ্যের দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ২৯২ টাকা। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি রৌপ্যের ৪ হাজার ৪৭ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রৌপ্যের দাম ৩ হাজার ৪৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির রৌপ্যের বিক্রি হচ্ছে ২ হাজার ৬০১ টাকায়।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে ৫ শতাংশ সরকার নির্ধারিত ভ্যাট এবং বাজুস নির্ধারিত ৬ শতাংশ ন্যূনতম মজুরি যোগ করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরি ভিন্ন হতে পারে।