বগুড়ায় মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করেছে কোটা সংস্কারের দাবিতে
আন্দোলনকারী শিক্ষার্থীরা। বুধবার (৩১ জুলাই) বেলা ১১টায় কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের
বেশ কিছু অভিভাবকও এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। হত্যা, গণগ্রেফতার, হামলা, মামলা ও
গুমের প্রতিবাদ জানান তারা।
বিভিন্ন মোড় থেকে বিক্ষোভকারী শিক্ষার্থীরা শহরের জিরো পয়েন্ট সাতমাথায় প্রবেশের চেষ্টা করলে পুলিশের নির্দেশনায় জেলা শহরের জেলখানা মোড়ে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি পালন করে। বিক্ষোভ কর্মসূচিতে বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদের দেখা যায়। কর্মসূচি পালনের সময় মিছিলের সামনের সারিতে অসংখ্য স্কুল ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ছাত্রীদের দেখা যায়।
এ সময় পুলিশ, আমর্ড পুলিশ ও বিপুল সংখ্যক বিজিবি সদস্যকে অবস্থান
নিয়ে থাকতে দেখা যায়।
সমাবেশ চলাকালে কোটা সংস্কার আন্দোলনকে অরাজনৈতিক উল্লেখ করে ছাত্রলীগ, ছাত্রদল কিংবা ইসলামী ছাত্রশিবিরের সঙ্গে সংশ্লিষ্টদের বের হয়ে যাওয়ার কথা বলা হয়। এ সময় আন্দোলনকারীরা বলেন, কোনো ভাংচুর, অগ্নিসংযোগ নয়। বরং শান্তি, শৃঙ্খলার মধ্য দিয়ে সব দাবি আদায় করা হবে।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আকতার জানান, ‘শিক্ষার্থীরা
শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল করেছে। বিক্ষোভ মিছিলে পুলিশ কোনো বাঁধা দেয়নি। তবে
নিরাপত্তার স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর ছিল। জেলখানা মোড় এলাকায় শান্তি
সমাবেশ করে শিক্ষার্থীরা চলে যায়। কোথাও কোনো অঘটন ঘটেনি। বগুড়া শহরের পরিস্থিতি স্বাভাবিক
রয়েছে।’










