পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার গুলিশাখালীতে ফুটবল খেলা দেখে ফেরার পথে বখাটেদের হামলায় রাহাত মিয়া নামে এক কলেজছাত্র নিহত ও তার তিন বন্ধু আহত হয়েছে। নিহত রাহাত মিয়া গুলিশাখালী গ্রামের শাহ আলম হাওলাদারের ছেলে। সে স্থানীয় ডৌয়াতলা ওয়াজেদ আলী কলেজে দ্বাদশ শ্রেণীর ছাত্র ছিল।
গুলিশাখালী ইউনিয়ন চেয়ারম্যান রিয়াজুল আলম ঝনো বিষয়টি নিশ্চিত করেছেন। এরপর তিনি বলেন, প্রেমঘটিত কারণে পূর্ব বিরোধের জেরে রাহাত মিয়া তার বন্ধু শুভ, সানাউল ও আরিফের ওপর এ হামলা হয়েছে।
জানা গেছে, রাহাত মিয়া শনিবার গুলিশাখালী স্কুল মাঠে ফুটবল খেলা দেখে বন্ধুদের সঙ্গে ফেরার পথে রাত ১০টার দিকে লক্ষণা এলাকায় পৌঁছলে ছাব্বির নামে এক বখাটে ও তার সহযোগীরা রাহাত মিয়া ও তার বন্ধুদের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। স্থানীয়রা রাহাত মিয়া ও তার বন্ধুদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাহাত মিয়াকে মৃত ঘোষণা করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানিয়েছে, শুক্রবার রাতে পার্শ্ববর্তী এলাকার যুবক দক্ষিণ গুলিশাখালী এলাকার এক মেয়ের কাছে যায়। নিহত রাহাতের বন্ধু শুভ ওই ছেলেকে আটক করে চড়-থাপ্পর মেরে ছেড়ে দেয়। এ ঘটনার জের ধরে তাদের ওপর হামলা চালানো হয়।










