ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় বালুবোঝাই ট্রলি থেকে ছিটকে পড়ে জাহিদুল হাওলাদার নামে এক ট্রলি চালক নিহত হয়েছেন। আজ সকাল ১০টার দিকে উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের পশ্চিম ছিটকি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাহিদুল হাওলাদার স্থানীয় ইউনুস হাওলাদারের ছেলে। তিনি পেশায় ট্রলি চালক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো বুধবার সকালেও জাহিদুল বালু পরিবহনের কাজ করছিলেন। ট্রলিটি ঘোরানোর সময় পেছনের গিয়ারে নেয়ার মুহূর্তে বালুর মধ্যে চাকা ডেবে যায়। এতে ট্রলির সামনের অংশ হঠাৎ উঁচু হয়ে গেলে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে পিছনের দিকে ছিটকে পড়েন।
এ সময় বিদ্যালয়ের প্রধান ফটকের সঙ্গে তার মাথার পেছনে গুরুতর আঘাত লাগে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জাহিদুলকে মৃত ঘোষণা করেন।
কাঁঠালিয়া থানার দ্বিতীয় কর্মকর্তা এসআই সোহেল রানা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে এটি দুর্ঘটনা বলেই ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।










