ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদির ওপর গুলি চালানোর ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্ত করা হয়েছে। সেই সঙ্গে, ওই মোটরসাইকেলের মালিক সন্দেহে আব্দুল হান্নান নামের এক ব্যক্তিকে আটক করেছে র‍্যাব।

আজ রোববার রাজধানীর মোহাম্মদপুর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব। বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এমজেডএম ইন্তেখাব চৌধুরী।

র‍্যাব জানায়, রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে আব্দুল হান্নানকে গ্রেফতার করা হয়। পরে তাকে পল্টন থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ওসমান হাদিকে হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটির নম্বর ৫৪-৬৩৭৫ বলেও জানায় র‍্যাব। হামলার ঘটনায় হান্নান সরাসরি জড়িত কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে বলে র‍্যাব জানিয়েছে।

এর আগে পুলিশ জানায়, ওসমান হাদির ওপর হামলাকারীদের একজনকে শনাক্ত করা হয়েছে। তাকে গ্রেফতারে অভিযান চলছে।

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ওসমান হাদি। তিনি এখনো আশঙ্কামুক্ত নন বলে জানা গেছে।