বৃষ্টির পানি জমে অসংখ্য গর্ত হওয়ায় ময়মনসিংহ শহর বাইপাস সড়কে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। ফলে নগরীর ভেতর দিয়ে চার জেলার হাজার হাজার যানবাহন চলাচলের কারণে অসহনীয় যানজট সৃষ্টি হচ্ছে। এতে দূরের যাত্রীদের পাশাপাশি নগরবাসীও ভোগান্তির শিকার হচ্ছেন।

বাইপাস সড়কে খানাখন্দের কারণে যানজটে পুরো নগরীতে অচলাবস্থা সৃষ্টি হলে গতকাল ছুটির দিন মাঠে নামেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। এ সময় অসহনীয় যানজটে অতিষ্ঠ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের নানা প্রশ্নের মুখে পড়েন তারা।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃষ্টি ও যানজটের কারণে ঢাকা থেকে ময়মনসিংহ পৌঁছতে গত বৃহস্পতিবার ৬-৭ ঘণ্টা সময় লেগেছে। তার ওপর আবার সড়কের খানাখন্দে বৃষ্টির পানি জমায় দুর্ভোগ আরো বেড়ে যায়। শিকারীকান্দা থেকে দীঘারকান্দা পর্যন্ত সড়কে তিন কিলোমিটার দীর্ঘ যানজটে আটকে ছিল পুরো ময়মনসিংহ নগরী। ঢাকা থেকে ময়মনসিংহ ঢুকতে এ একটি মাত্র পথ দীর্ঘদিন বেহাল হয়ে আছে। সড়ক ও জনপথ কর্তৃপক্ষ ছয় মাস ধরে এটি মেরামত শুরু করলেও এখনো শেষ করতে পারেনি।

ঢাকা থেকে ময়মনসিংহ আসা সাজ্জাদুল আলম খান জানান, বৃহস্পতিবার ঢাকা থেকে ময়মনসিংহ আসতে সময় লেগেছে ৭ ঘণ্টা। যেখানে সময় লাগার কথা ছিল ৩ ঘণ্টা। শুধু যানজটের কারণে আমাকে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে হয়েছে। অথচ কৃত্রিমভাবে এ যানজট তৈরি করা হয়েছে।

ত্রিশাল মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক জহির রায়হান জানান, ত্রিশাল থেকে ময়মনসিংহ পৌঁছতে তার ৩ ঘণ্টা সময় লেগেছে। শেষ পর্যন্ত শহরে এক কিলোমিটার হাঁটতে হয়েছে।

এদিকে নগরীর যানজট নিরসনে গতকাল ছুটির দিনে সংশ্লিষ্ট এলাকা পরিদর্শনে বের হন ময়মনসিংহ জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক ও পুলিশ সুপার মাছুম আহম্মেদ ভূঞা। কয়েকদিন ময়মনসিংহ নগর ও শহরতলির অসনীয় যানজট নিরসনে জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ পরিবহন মালিক শ্রমিক নেতাদের যৌথ পরিদর্শনে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়। এ সময় কেওয়াটখালি রেলওয়ে ওভারব্রিজের নিচে খানাখন্দ তাত্ক্ষণিক সংস্কার করার জন্য নির্দেশনা দেন জেলা প্রশাসক। পাট গুদাম বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ স্থাপনা পরিদর্শন করে তা দ্রুত উচ্ছেদ করার নির্দেশ দেন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শিকারীকান্দা বাইপাস এলাকার খানাখন্দ আজকের মধ্যে মেরামত ও সংস্কার হবে। শিকারীকান্দা বাইপাস এলাকার নির্মাণকাজ যথাসম্ভব দ্রুত সম্পন্ন করার জন্য তাগিদ দেয়ার পাশাপাশি জেলা প্রশাসক জানান, শিকারীকান্দা থেকে পাটগুদাম মোড় পর্যন্ত সড়কের খানাখন্দ সোমবারের মধ্যে মেরামত করা হবে। এ সময় আরো উপস্থিত ছিলেন ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, জেলা মোটর মালিক সমিতির সভাপতি মমতাজ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) হাফিজুর রহমান, ময়মনসিংহ সড়ক বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মো. খলিলুর রহমান, ময়মনসিংহ জেলা জলা ট্রাফিক ইন্সপেক্টর সৈয়দ মাহবুবুর রহমান, কোতোয়ালি মডেল থানার ওসি তদন্ত ফারুক আহমেদ, সড়ক বিভাগের উপসহকারী প্রকৌশলী নূরে আলম কামাল পাশা প্রমুখ।