ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা-কৃষ্ণপুর) আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শনিবার। এরই মধ্যে শেষ হয়েছে সব ধরণের প্রচার-প্রচারণা। শুক্রবার বিকালে সকল ভোটকেন্দ্রে ইভিএমসহ নির্বাচনের যাবতীয় কাগজপত্র পৌঁছে গিয়েছে। শনিবার সকাল থেকে শুরু হবে ভোটগ্রহণের আনুষ্ঠানিকতা।
ফরিদপুর-২ আসনটি নাগরকান্দা, সালথা ও সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়ন নিয়ে গঠিত। এতে ভোটার সংখ্যা ৩ লাখ ১৮ হাজার ৪৭৯ জন। নির্বাচনে ১২৩ ভোটকেন্দ্রের ৮০৬টি ভোটকক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ করা হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমে)।
এ নির্বাচনে দুই জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন, আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী শাহাদাব আকবার লাবু চৌধুরী ও বাংলাদেশ খেলাফত আন্দোলন মনোনীত বটগাছ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদীন বকুল মিয়া।
সালথা উপজেলা নির্বাচন অফিসার মো. তেলায়েত হোসেন জানান, নির্বাচন অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ করতে সব ধরণের পদক্ষেপ নেওয়া হয়েছে। এ নির্বাচনে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনীর সদস্যরা থাকছেন।
উল্লেখ্য, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে গত ১১ সেপ্টেম্বর সংসদীয় এই আসন শূন্য ঘোষণা করা হয়। ২৬ সেপ্টেম্বর তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।










