ন্যায্য দাবি পূরণে সরকারের সুস্পষ্ট ঘোষণা না পেলে একচুলও নড়বেন না বলে জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ উদ্দীন। তিনি বলেন, আমাদের রক্তের ওপর প্রতিষ্ঠিত সরকার যদি আমাদের হুমকি-ধামকি দেয় কিংবা স্টিমরোলার চালানোর চেষ্টা করে, তাহলে আমরা রুখে দেব। যদি সরকারের কোনো এজেন্সির লোক তুলে নিয়ে যায় তবুও আন্দোলন চালিয়ে যাব।
আজ শুক্রবার (১৬ মে) সকালে কাকরাইল মসজিদের সামনে সমাবেশ শুরু আগে তিনি এ কথা জানান।
তিনি বলেন, ঢাকা শহরের প্রাণকেন্দ্র এ রাস্তায় আমাদের শিক্ষার্থীরা জড়ো হওয়ায় জনদুর্ভোগ হয়েছে, সেটা জানি। আমাদের দাবি যদি যৌক্তিক হয়, সরকার আন্তরিক হলে সেটাতো প্রথমদিনই নিরসন করতে পারত। কিন্তু সেটা এখনো হয়নি।
ড. রইছ উদ্দীন আরো বলেন, জগন্নাথ অবহেলিত, বঞ্চিত ও নিষ্পেষিত, এটা ঐতিহাসিকভাবে সত্য। এই বৈষম্য নিরসনের জন্য শিক্ষার্থীদের আন্দোলনে দলমত নির্বিশেষে সবাই একাট্টা। আমাদের দাবি পূর্ণাঙ্গরূপে মানতে হবে। আমরা এমন একটি পর্যায়ে উপনিত হয়েছি, যেখান থেকে আর পেছনে যাওয়ার সুযোগ নেই।
এদিকে পুলিশের হামলার বিচার ও তিনদফা দাবিতে আজ তৃতীয়দিনের মতো রাজধানীর কাকরাইল মসজিদ মোড়ে অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছেন জবি শিক্ষার্থীরা। পূর্ব ঘোষিত সকালের সমাবেশে যোগ দিতে দলে দলে যোগ সেখানে গিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। বাসে করে এসেছেন শিক্ষকরাও। ঘোষণা অনুযায়ী, জুমার নামাজের পর থেকে শিক্ষক ও শিক্ষার্থীরা মিলে গণ–অনশনে বসবেন।















