কোটা সংস্কার আন্দোলনের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাবেক এক শিক্ষার্থীকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। গত সোমবার মহানগরীর কোর্ট স্টেশন এলাকা থেকে কয়েকজন সাদা পোশাকধারী তাকে তুলে নিয়ে যায়। গতকাল তাকে বিস্ফোরক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হয়। পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মতিহার থানার ওসি শেখ মোবারক পারভেজ বিষয়টি নিশ্চিত করেছেন।

রাবির সাবেক ওই শিক্ষার্থীর নাম রাশেদ রাজন (২৮)। তিনি বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগ থেকে পড়ালেখা শেষ করেছেন। বর্তমানে চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন। এছাড়া তিনি ক্যাম্পাস সাংবাদিকতার সঙ্গে জড়িত ছিলেন। তিনি টানা পাঁচ বছর ক্যাম্পাসভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল ক্যাম্পাস লাইভে কাজ করছেন বলে জানা গেছে।

মতিহার থানার ওসি শেখ মোবারক পারভেজ জানান, রাশেদ রাজন নামের ওই শিক্ষার্থীকে ডিবি পুলিশ আটক করেছিল। পরে মতিহার থানায় পাঠানো হলে সেখান থেকে তাকে আদালতে পাঠানো হয়। বিস্ফোরক মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।