নেত্রকোনার দুর্গাপুরে নিখোঁজের ৪৪ ঘণ্টা পর বালু শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়া। উদ্ধারকৃত বালু শ্রমিক উপজেলার চন্ডিগড় ইউনিয়নের চরকুরিয়া ডহর গ্রামের মৃত লাল মিয়ার ছেলে।
আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে আবু বক্কর ছিদ্দিকের (২৮) মরদেহ নেত্রকোনার দুর্গাপুরের সোমেশ্বরী নদীর তেরীবাজার ঘাট এলাকায় ভেসে যেতে দেখে স্থানীয়রা। তারাই মরদেহটি উদ্ধার করে পুলিশে খবর দেয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানায় যায়, গত মঙ্গলবার বেলা ২টার দিকে আবু বক্কর নদীতে ডুব দিয়ে বালু তোলার কাজ করছিলেন। এক পর্যায়ে ডুব দিয়ে আর ওঠেননি। সহকর্মীরা তার খোঁজ করে না পেলে ফায়ার সার্ভিসকে খবর দিলে ময়মনসিংহ থেকে ডুবুরি দল আসে। তারা ৩-৪ ঘণ্টা চেষ্টা করে ব্যর্থ হন। আজ দুর্গাপুরের তেরী বাজার এলাকায় বক্করের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা।
দুর্গাপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আতাউর রহমান ঘটনাস্থল থেকে জানান, সুরতহাল রিপোর্ট তৈরি করা হচ্ছে। পরিবারের সম্মতিতে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে এবং অপমৃত্যু মামলা দায়ের হবে।










