রাহাত ফতেহ আলী খান পাকিস্তানের একজন জনপ্রিয় সংগীতশিল্পী। পৃথিবীজুড়ে এই সংগীতশিল্পীর কোটি কোটি ভক্ত রয়েছে। বাংলাদেশেও তার ভক্তের সংখ্যা কম নয়। দ্বিতীয়বারের মতো ঢাকার মঞ্চ মাতাতে আসার কথা ছিল তার। আগামী ২০ জুলাই ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে তার সংগীত পরিবেশন করার কথা ছিল। যেটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।

কনসার্টের আয়োজক ছিল বাই হেয়ার নাউ (বিএইচএন) নামের একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, ‘প্রিয় অতিথি, দেশের সাম্প্রতিক পরিস্থিতির কারণে, আমরা আপনাদের দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের আসন্ন ইভেন্ট ‘লিডিং দ্য টাইমস: স্কারলেট ক্রিসেন্ডো’ স্থগিত করা হয়েছে। আমাদের অংশগ্রহণকারী, কর্মী এবং অংশীদারদের নিরাপত্তা এবং মঙ্গল আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। তাই কনসার্ট টি সাময়িক ভাবে স্থগিত। টিকেট ফেরত প্রক্রিয়া এবং নতুন তারিখ সংক্রান্ত পৃথক পোস্ট শিগগিরই শেয়ার করা হবে।’

এর আগে বৃহস্পতিবার (১১ জুলাই) এক ফেসবুক পোস্টে রাহাত ফতেহ আলী খান নিজের এই কনসার্টের বিষয়টি জানান।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, গত রোববার (১৪ জুলাই) রাত ৮টা থেকে অনলাইনে কনসার্টের টিকেট বিক্রি শুরু হয়। টিকিটের মূল্য ধরা হয় ১০ হাজার টাকা।