এসএসসি ও এইচএসসি শিক্ষার্থীদের সিলেবাস শেষ করতে রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।
গতকাল সকালে চাঁদপুরের কচুয়া উপজেলার পালাখাল উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ডা. সেলিম মাহমুদের মা শাহজাদী বেগমের প্রথম মৃত্যুবার্ষিকী ও বৃত্তি প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
দীপু মনি বলেন, করোনার কারণে গত দুই বছর শ্রেণীকক্ষে পাঠদান বন্ধ ছিল। ২০২২ সালে এসএসসি ও এসএসসি পরীক্ষার্থীদের যদি ক্লাস না করানো হয়, তাহলে শিক্ষার্থীরা পিছিয়ে পড়বে এবং সমস্যা হবে। বাড়িতে থাকতে থাকতে শিক্ষার্থীদের অনেক সমস্যা হয়েছে। এখন ক্লাস শুরু হয়েছে, তারা নিয়মিত ক্লাস করবে। রোজার কারণে এখন ক্লাস বন্ধ করাটা ঠিক হবে না। তবে কত তারিখ পর্যন্ত ক্লাস হবে তা এখনো ঠিক করা হয়নি।
এ সময় বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ডা. সেলিম মাহমুদ, চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ ও পুলিশ সুপার মিলন মাহমুদ উপস্থিত ছিলেন।
এদিকে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক প্রখ্যাত আবৃত্তিশিল্পী হাসান আরিফের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী।










