ময়মনসিংহের গফরগাঁওয়ে জমিসংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইয়ের দায়ের কোপে খুন হয়েছেন ছোট ভাই। শুক্রবার  দুপুরে গফরগাঁও উপজেলার পাগলা থানাধীন নিগুয়ারী ইউনিয়নের কুরচাই গ্রামের ফামাইল পাড়ায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে পলাতক বড় ভাই।

জানা যায়, গফরগাঁও উপজেলার কুরচাই গ্রামের ছাবেদ আলীর দুই ছেলে আমির উদ্দিন ও সৌদীপ্রবাসী সফির উদ্দিনের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলছিল। দুই মাস আগে সফির উদ্দিন ছুটিতে বাড়ী আসেন। শুক্রবার দুপুরে বিরোধপূর্ণ জমিতে আমির উদ্দিন বাঁশ কাটতে গেলে উভয়ে ঝগড়ায় লিপ্ত হন। একপর্যায়ে বড় ভাই আমির উদ্দিন দা দিয়ে ছোট ভাই সফির উদ্দিনের মাথায় কোপ দিয়ে পালিয়ে যান। সফির উদ্দিনের চিত্কারে স্বজন ও প্রতিবেশীরা এসে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।