নড়াইল-২ আসনের সংসদ সদস্য ক্রিকেট তারকা মাশরাফি বিন মর্তুজার ব্যক্তিগত অর্থায়নে ও পরিকল্পনায় সদর হাসপাতালের সামনে ‘ডক্টরস সেফটি চেম্বার’-এর উদ্বোধন করা হয়েছে।

আজ বুধবার (২২ এপ্রিল) বিকেলে জেলা প্রশাসক আনজুমান আরা এ চেম্বারের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন, নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, নড়াইল সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুস শাকুর, মাশরাফির বাবা গোলাম মর্তুজা স্বপন, সদর হাসপাতালের আরএমও ডা. মশিউর রহমান বাবু, সদর থানার ওসি মো. ইলিয়াছ হোসেন প্রমুখ। 

করোনাভাইরাস বহন করে আসা কোনো রোগীর মাধ্যমে যাতে করে হাসপাতালের চিকিৎসক, সেবিকা এবং স্টাফ ঝুঁকির মধ্যে না পড়েন এবং রোগীরাও যাতে সুরক্ষিত থেকে চিকিৎসা পান সেজন্য এ চেম্বার চালু করা হয়েছে।

সংশ্লিষ্টরা গেছে, সম্পূর্ণ কাচ দিয়ে ঘেরা এই চেম্বারের মধ্যে চিকিৎসক অবস্থান করবেন। সামনের দু’টি ছিদ্র দিয়ে গ্লাবস পরিহিত হাত বের করে রোগীর রক্তচাপ নির্ণয় করবেন এবং থার্মাল ডিকেক্টরের মাধ্যমে রোগির শরীরের তাপমাত্রা পরীক্ষা করবেন। এ সময় কোনো রোগীর লক্ষণ-উপসর্গ করোনা উপসর্গের সাথে মিলে গেলে তাকে করোনা ওয়ার্ডে পাঠানো হবে। আউটডোরে এবং জরুরি বিভাগে আসা রোগীরাও এখান থেকেই সেবা নেবেন। যাদের ভর্তি হওয়া প্রয়োজন তাদের স্ব স্ব ওয়ার্ডে পাঠানো হবে। তবে হাত-পা ভাঙা বা গুরুতর জখম রোগী জরুরি বিভাগে গিয়েই চিকিৎসা নেবেন। চেম্বারে স্থাপন করা সাউন্ড সিস্টেমের মাধ্যমে চিকিৎসক এবং বাইরে থাকা রোগীর মধ্যে কথোপকথন হবে। 

সেচ্ছাসেবক হিসেবে সার্বক্ষনিক দায়িত্ব পালন করবে নড়াইলে গঠিত হওয়া ‘বঙ্গবন্ধু স্কোয়াড’-এর সদস্যরা। এটির সার্বিক তত্ত্বাবধান করবে সদর হাসপাতাল কর্তৃপক্ষ।

সংসদ সদস্য মাশরাফি নড়াইলে করোনা মোকাবিলায় ইতিপূর্বে চিকিৎসক ও সেবিকাদের জন্য পিপিই সরবরাহ, ভ্রাম্যমাণ মেডিকেল টিম গঠন, সদর হাসপাতালে জীবাণুনাশক কক্ষ স্থাপন করেছেন। এছাড়াও তিনি ব্যক্তিগত উদ্যোগে ১২০০ পরিবারের জন্য খাদ্যসামগ্রীও সরবরাহ করেছেন।